সিলেট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কারাগারে বন্দির হামলায় কয়েকজন কারারক্ষী আহত হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
সোমবার সন্ধ্যায় এই ঘটনার পর মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে যান।
রাত পৌনে ৯টার দিকে কারাগার থেকে বেরিয়ে জেলা প্রশাসক খান মুহাম্মদ বিল্লাল সাংবাদিকদের বলেন, কয়েকজন বন্দির হামলায় পাঁচ জন কারারক্ষী আহত হয়েছেন।
আহত কারারক্ষীরা হলেন- সুবেদার ইউসুফ, হাবিলদার উমর আলী, রক্ষী আহসান, মাহবুব ও সেলিম। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারাগারে জল্লাদ হিসেবে কাজ করে আসা ৮৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুককে নিয়ে ঘটনার সূত্রপাত বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, “সন্ধ্যা ৬টার দিকে ফারুক হঠাৎ করে পাগলামি শুরু করলে কারারক্ষীরা তাকে আটকাতে যায়। তখন রক্ষীদের ওপর ছুরি নিয়ে চড়াও হয় রেদোয়ান ও জসিম নামে অন্য দুই বন্দি।”
বন্দিদের ছুরিকাঘাতে কারারক্ষীরা আহত হন বলে জানান জেলা পুলিশ সুপার। পরে অন্য রক্ষীরা বন্দিদের কবল থেকে থেকে সহকর্মীদের উদ্ধার করে। ওই সময় তিন বন্দিও আহত হন।
তাদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে খান বেলাল জানান।
তিনি আরো বলেন, এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা হাকিম শহীদুল আলমকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২০ ঘ.
bdnews24