চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর উত্তর আগ্রাবাদে একটি পলিথিন উৎপাদন কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জমির উদ্দিন সোমবার অভিযান চালিয়ে উত্তর আগ্রাবাদের জমজম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানার কার্যক্রম বন্ধ করে দেন।
অভিযানের সময় ওই প্রতিষ্ঠান থেকে এক টন অবৈধ পলিথিন জব্দ করা হয় জানিয়ে জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ হলেও আনোয়ার হোসেনের মালিকানাধীন জমজম প্লাস্টিক কারখানাটি পলিথিন উৎপাদন করে আসছিল।
কারখানার মালিককে আগামী ২৮ মে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬(ক) অনুযায়ী পলিথিন শপিং ব্যাগ বা পলিইথাইলিন বা পলিপ্রোপাইলিন এর তৈরি অন্য কোন সামগ্রী যা পরিবেশের জন্য ক্ষতিকর।
এর উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এ অপরাধের জন্য অনধিক ১০ বছর সাশ্রম কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৫৮ ঘ.
bdnews24