২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ফরিদপুর-কুড়িগ্রামে নিহত ৩

ফরিদপুরে ট্রাক খাদে পড়ে দুই দিনমজুর নিহত হয়েছেন। অন্যদিকে কুড়িগ্রামে বাসচাপায় নিহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ফরিদপুর/কুড়িগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে ট্রাক খাদে পড়ে দুই দিনমজুর নিহত হয়েছেন। অন্যদিকে কুড়িগ্রামে বাসচাপায় নিহত হয়েছেন একজন। ফরিদপুরের দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কে। পুলিশ জানায়, মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুর আসার পথে বিপরীতমুখী পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায় বলে জানিয়েছেন নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন। ওই ট্রাকে কুষ্টিয়ার খোকসা উপজেলার বাঞ্ছানগর গ্রামের একদল দিনমজুর ছিল। তারা গোপালগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। দুর্ঘটনায় আহত মো. সাগর (২৫) সাংবাদিকদের বলেন, “আমরা ২১জন ধান কাটার জন্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুরিয়া গ্রামে গিয়েছিলাম। ধান কাটা শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলাম।” দুর্ঘটনায় দিনমজুর আতিয়ার হোসেন (৩০) ঘটনাস্থলেই এবং হাসপাতালে আনার পর আশরাফ আলী (৩৫) মারা যান। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, এই দুর্ঘটনায় আহত ১৪ জন দিনমজুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মো. ইসমাইল (৩৫) ও মো. সিরাজের (৩০) অবস্থা গুরুতর। কুড়িগ্রামের দুর্ঘটনাটি ঘটে নাগেশ্বরী উপজেলার উত্তর বেপারী হাটে। নিহত ওফতার আলীর (৭৫) বাড়ি নাগেশ্বরী সদর উপজেলার বাঁশের তল হীরের খামার গ্রামে। নাগেশ্বরী থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, বাই-সাইকেলে করে নাগেশ্বরী উপজেলা সদরে যাওয়ার পথে উত্তর ব্যাপারী হাটে বিপরীত দিক থেকে আসা একটি বাসের নিচে চাপা পড়েন ওফতার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২১ ঘ.