২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষদাদন দিয়ে ডাকাত পালন

চাল, তেল কিংবা পোশাক বিক্রি তাদের ব্যবসা হলেও এসব পণ্য ‘সস্তায়’ পেতে রীতিমতো ডাকাত পুষছেন কিছু ব্যবসায়ী। ঠিক করে দিচ্ছেন- কবে কোথায় কোন চালানটি লুট করতে হবে। কামাল হোসেন তালুকদারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল, তেল কিংবা পোশাক বিক্রি তাদের ব্যবসা হলেও এসব পণ্য ‘সস্তায়’ পেতে ভয়ঙ্কর এক পথ বেছে নিয়েছেন কিছু ব্যবসায়ী। এ জন্য তারা রীতিমতো ডাকাত পুষছেন, ঠিক করে দিচ্ছেন- কবে কোথায় কোন চালানটি লুট করতে হবে। গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ থেকে আড়াই কোটি টাকার কাপড়সহ সাতজনকে গ্রেপ্তার পর গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এ তথ্য। গ্রেপ্তারকৃতদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু ‘ব্যবসায়ীর’ নিদের্শে ট্রাক বোঝাই চাল, তেল, পোশাক ও নিত্য প্রায়োজনীয় বিভিন্ন পণ্যের ট্রাক ডাকাতি করে ওই ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতো তারা। বিনিময়ে পণ্যের মূল্য অনুযায়ী টাকা পাওয়া যেতো। ডাকাতি করা মাল ঠিকঠাক পৌঁছে দেওয়ার জন্য কিছু অসাধু ব্যবসায়ী অগ্রিম টাকা দিয়ে এই ডাকাত দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো বলেও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে তিনটি কভার্ড ভ্যানে রিও ফ্যাশনঅয়্যার লিমিটেড নামে এক কোম্পানির জন্য প্রায় পাঁচ কোটি টাকার কাপড় নিয়ে ঢাকায় আসার সময় আগারগাঁও এলাকায় একটি ভ্যান ছিনতাই হয়। পরে ওই কভার্ড ভ্যানের চালক হাশেম ও তার সহকারী সামছুকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় যাত্রাবাড়ী এলাকা থেকে। মিরপুরের রিও ফ্যাশনের ব্যবস্থাপক মাহবুবুল আলম খানের দায়ের করা মামলায় বর্তমানে তারা কারাগারে আছেন। বৃহস্পতিবার বিকাল ও রাতে ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ভ্যানের কাপড়সহ সাতজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয় ডাকাত দলের সদস্য আবুল হোসেন (৪০), হোসেন আলী (৪০), সুমন (২৭) ও তৈয়ব আলী (৪২); কেরানীগঞ্জের ব্যবসায়ী জসীম (২৭), তার সহযোগী ইবনুল (২৭) এবং তাদের গুদামের দারোয়ান হোসেনকে (৩০)। সংবাদ সম্মেলনের পর আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দলনেতার নাম গাজী, থাকেন গেন্ডারিয়া এলাকায়। কভার্ড ভ্যানগুলো চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর গাজীর মাধ্যমেই তারা ‘টার্গেটের’ অবস্থান জানাতে পারছিলেন। “আগারগাঁও আসার পর আমার দুইটা খালি ট্রাক দিয়ে রাস্তা আটকে একটা কাভার্ড ভ্যানকে থামাই। তারপর চালক আর হেলপারের হাত-পা বেঁধে একটা খালি ট্রাকে ওঠাই। অন্য ট্রাকে মাল বোঝাই করে নিরাপদ স্থানে নিয়ে যাই।” এই ডাকাতিতে অংশ নেওয়ার বিনিময়ে ১৩ হাজার টাকা পেয়েছেন বলে জানান আবুল। তার সঙ্গে কথা বলে জানা যায়, কোন গাড়ি বা মাল ডাকাতি করতে হবে তার নির্দেশনা আসতো কয়েকজন নির্দিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে। দলনেতা গাজী টেলিফোনে ওই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। “কাপড়ের গাড়ির খবর গাজীকে দিছিল কেরানীগঞ্জের কালিগঞ্জের তানাকা মার্কেটের আলবি ফেব্রিক্সের মালিক জসীম। পরে গাজী আমাদের জানায়, ওই গাড়ি ধরতে হবে।” এ কাজের জন্য জসীম আগাম টাকা দিয়েছিলেন বলেও উল্লেখ করেন আবুল হোসেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, কভার্ড ভ্যানের কাপড় ডাকাতি করার পর গাজীর দলের সদস্যরা তা পৌঁছে দেয় জসীমের কাছে। কেরানীগঞ্জে তার দোকান এবং নবাবগঞ্জের একটি বাগানবাড়িতে তার মালিকানাধীন গুদাম থেকে বৃহস্পতিবার সেই কাপড় উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় জসীমকেও। শুক্রবার সংবাদ সম্মেলনের পর জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, ওই কাপড় তিনি ১৫ লাখ টাকায় কিনেছিলেন। প্রায় আড়াই কোটি টাকার মাল এতো সস্তায় কীভাবে কিনলেন- এমন প্রশ্নের জবাবে জসীম বলেন, “সস্তায় পেয়েছি, তাই কিনিয়েছি।” কাপড়গুলো যে ডাকাতির- তা আগে জানতেন কি না- এমন প্রশ্নের জবাবে প্রথমে অস্বীকার করলেও পরে আবুল হোসেনের মুখোমুখি দাঁড় করালে বিষয়টি স্বীকার করেন জসীম। জসীমের সহযোগী ইবনুল বলেন, “সব ব্যবসায়ীই সস্তায় মাল কিনতে চায়। তবে চোরাই মাল কেনা আমাদের ভুল হয়েছে।” ডাকাতি করিয়ে মাল কেনার বিষয়ে প্রশ্ন করা হলে চুপ করে থাকেন ইবনুল। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাছ ব্যবসায়ীরা যেমন জেলেদেরকে দাদন বা অগ্রিম টাকা দিয়ে মাছ পাওয়া নিশ্চিত করেন, ঠিক তেমনি কিছু অসাধু ব্যবসায়ী আন্তঃজেলা ডাকাতদের আগাম টাকা দিয়ে লালন করছে, যাতে ডাকাতি হওয়া মাল তাদের হাতে পৌঁছে যায়।” ১৯ ডিসেম্বর ডাকাতি হওয়া কাপড়ের জন্য জসীম ও ইবনুল সারা রাত জেগে অপেক্ষা করেছিলেন বলে উল্লেখ করেন এই গোয়েন্দা কর্মকর্তা। মশিউর বলেন, “ডাকাতির মাল নিরাপদে রাখার জন্য তারা নবাবগঞ্জ জেলার বাড়িখালি গ্রামে একটি গুদাম তৈরি করেছিল। এভাবেই ডাকাতদের অগ্রিম টাকা দিয়ে মাল গুদামজাত করে কয়েকগুণ লাভে বিক্রি করে আসছিল তারা।” এ রকম আরো কিছু ব্যবসায়ী চাল, তেল ও কাপড়ের ট্রাক ছিনতাই বা ডাকাতির সঙ্গে জড়িত জানিয়ে তিনি বলেন, গত বছর জানুয়ারি মাসে বানানী থেকে নওগাঁর এক ট্রাক চালক ও তার সহকারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়া থেকে চাল নিয়ে ঢাকায় আসার পথে ডাকাতি হয় তাদের ট্রাক। ডাকাতরা তাদের হত্যা করে গাজীপুরের একটি দোকানে চাল বিক্রি করে দেয়। “যতগুলো পণ্যবাহী ট্রাক ছিনতাইয়ের কবলে পড়েছে, সেগুলোর পেছনের বিষয়টি এই কাপড়ের ঘটনার মতোই।” রিও ফ্যাশন অয়্যার লিমিটেডের চেয়ারম্যান হারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চীন থেকে আড়াই কোটি টাকায় ওই কাপড় আনা হয়েছিল যুক্তরাষ্ট্রের এক কোম্পনির জন্য ৫০ হাজার শার্ট তৈরির জন্য। কিন্তু ওই কাপড় ডাকাতি হয়ে যাওয়ায় সময়মতো তাদের পণ্য পৌঁছানো সম্ভব হয়নি। “এতে দেশ ও আমাদের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮০৯ ঘ.