ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ ছয় সাংাবদিকের বিরুদ্ধে পাঁচ বছর আগে দায়ের করা একটি মানহানির মামলা প্রত্যাহার করে নিয়েছেন আমারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান।
সোমবার তিনি ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে আপসনামা দাখিল করে মামলাটি প্রত্যাহার করে নেন।
মাহফুজ আনামসহ বিবাদীরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
বিচারক শহীদুল ইসলাম মামলা প্রত্যাহারের কারণ জানতে চাইলে মাহমুদুর বলেন, “এখন পেশী শক্তির বিরুদ্ধ সাংবাদিকদের এক হওয়া দরকার। এ কারণে মামলাটি আমি আর চালাতে চাই না।”
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মাহমুদুর রহমানসহ ৪১ জন রাজনৈতিক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনি খুঁজছে।
ওই প্রতিবেদনের কারণে মানহানি হয়েছে- এমন অভিযোগে পরদিন মুখ্য মহানগর হাকিম আলাদাতে মামলা করেন মাহমুদুর।
মাহফুজ আনাম ছাড়াও ডেইলি স্টারের তখনকার দুই বার্তা সম্পাদক ইনাম আহমেদ ও সৈয়দ আশফাকুল হক, নগর সম্পাদক শাহরিয়ার খান, প্রতিবেদক রেজাউল করিম লোটাস ও জায়েদুল আহসান পিন্টুকে মামলায় বিবাদী করা হয়।
সোমবার মামলা প্রত্যাহারের আবেদনের শুনানির সময় বাদীর আইনজীবী ছিলেন মাসুদ আহমেদ তালুকদার ও বেলাল হোসেন জসীম। বিবাদীদের পক্ষে ছিলেন চৈতন্য চন্দ্র হালদার ও আশরাফ উল আলম।
ওই প্রতিবেদনের বিষয়ে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতেও একটি মানহানি ও ক্ষপিূরণের মামলা রয়েছে। ওই মামলাও প্রত্যাহার করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাহমুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩১৫ ঘ.
bdnews24