ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩২তম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য ১২২ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্র, কাগজপত্র ও নথিতে ‘গুরুতর’ অসংলগ্নতা বা অপূর্ণতা থাকায় এসব আবেদন বাতিল করা হয়েছে।
গত ৯ মার্চ এই বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১০ হাজার ৮০৮ জন উত্তীর্ণ হন। আগামী ১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তাদের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হওয়ার কথা।
পিএসসি জানিয়েছে, আবেদন বাতিল হওয়া প্রার্থীরা আর লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে না। তাদের পরীক্ষা কেন্দ্রে যেতেও নিষেধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী প্রার্থীর বাবা/দাদা/নানার মুক্তিযোদ্ধা সনদ না দেওয়ায় ৬৬ জন, ডিগ্রি পাসকোর্স ও মাস্টার্সে প্রথম শ্রেণী না থাকায় তিন জন, শিক্ষাগত যোগ্যতা পূরণ না হওয়ায় ছয় জন, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের পরে øাতক পরীক্ষা শেষ হওয়ায় সাত জনের প্রার্থিতা বাতিল করা হয়।
এছাড়া আবেদন কেনার ভুল রশিদ দাখিল করায় একজন, কোটায় পদ না থাকায় ৩১ জন, জন্ম তারিখ ভুল দেওয়ায় দুই জন, বয়স বেশি হওয়ায় পাঁচ জন এবং আবেদনপত্রে স্বাক্ষর না করায় একজনের আবেদন বাতিল করেছে পিএসসি।
পিএসসির তথ্য অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৩০২ ঘ.
bdnews24