ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ছাপচিত্রকলার পথিকৃৎ শিল্পগুরু সফিউদ্দীন আহমেদকে সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হবে।
বার্ধক্যজনিত কারণে শনিবার মধ্যরাতে মারা যান শিল্পী শফিউদ্দীন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
ধানমণ্ডির গ্যালারি চিত্রকের কর্ণধার মুনীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে।
শিল্পী পরিবারের সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুনীরুল জানান, শিল্পীর মরদেহ রোববার স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
সোমবার সকাল ৮টায় শিল্পী ও শিল্পানুরাগীদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে গ্যালারি চিত্রকে। এরপর সকাল ১০টায় শিল্পীর কফিন নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শিল্পগুরুর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
এরপর বেলা ১২টায় মরদেহ নিয়ে যাওয়া হবে শিল্পীর পুরনো কর্মস্থল চারুকলা অনুষদে।
শিল্পীর পরিবারের সদস্যরা জানান, সফিউদ্দীন আহমেদ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর গত তিন দিন ধরে তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
সফিউদ্দীন আহমেদের ছেলে আহমদ নজির জানান, শনিবার সকালে শিল্পীর অবস্থার আরো অবনতি ঘটে। এক পর্যায়ে তার দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে। দেহের অন্যান্য অংশও ঠিকমতো সাড়া দিচ্ছিল না।
শনিবার রাতে শিল্পগুরুর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, ছাত্র ও শিল্পানুরাগীদের অনেকেই এই শিল্পীকে শেষবারের মতো দেখতে রাতে হাসপাতালে যান।
শিল্পীর প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কলকাতা ভবানীপুরের ১৯২২ সালের ২৩ জুন শিল্পীর জন্ম। ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে ডিপ্লোমা করেন।
শিল্পী হিসাবে সফিউদ্দীন আহমেদের সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে গত শতকের চল্লিশের দশক থেকেই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী হিসাবে ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠাতেও পালন করেন অগ্রণী ভূমিকা। বাংলাদেশে ছাপচিত্রকলাকে এগিয়ে নিতে তিনিই পথ দেখিয়েছেন।
সফিউদ্দীন আহমেদ ১৯৪৮ থেকে ১৯৭৯ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
চারুকলায় অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার ছাড়াও কলকাতা একাডেমি অব ফাইন আর্টের একাডেমি প্রেসিডেন্ট পদক, ভারতের পাটনা শিল্পকলা পরিষদের দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক, পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন এই শিল্পী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/০০১৮ ঘ.
bdnews24