ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মর্যাদা বৃদ্ধিসহ আট দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষকদের একটি মৌন মিছিল আটকে দিয়েছে পুলিশ।
রোববার সকালে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) এবং বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ) নামে শিক্ষকদের দুটি সংগঠন স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে রওয়ানা হয়।
তবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফটকেই তাদের আটকে দেয় পুলিশ।
পরে বাপশিসের সভাপতি ইদরীস আলী ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার এবং বাপশিপের সভাপতি ফকির মো. আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক তরুণ কুমার নাথ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
নির্মল চন্দ্র শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শিল্প মন্ত্রণালয়ের আওতায় ১৯৫৫ সাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষকদের পদবি জুনিয়র ইনস্ট্রাকটর, ইনস্ট্রাকটর বা ওয়ার্কশপ সুপার, চিফ ইনস্ট্রাকটর এভাবে বিন্যাস্ত আছে। এই পদবিগুলো ট্রেনিং প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। এছাড়া প্রচলিত এই কাঠামোতে উচ্চতর পদসংখ্যা নিন্মতর পদেও তুলনায় অত্যন্ত কম হওয়ায় শিক্ষকদের পদোন্নতির সুযোগ একবারেই কম।”
তিনি পলিটেকনিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য জুনিয়র লেকচারার-লেকচারার-প্রফেসর প্যাটার্নের কাঠামো বাস্তবায়নের দাবি জানান।
নির্মল চন্দ্র শিকদার বলেন, “এর আগেও একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী জুনিয়র লেকচারার-লেকচারার-প্রফেসর প্যাটার্নের চাকরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্রতি দিয়েছেন। তারপরও এটা না হওয়ায় শিক্ষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।”
এছাড়া পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে জনবল সঙ্কটের বিষয়টি উল্লেখ করে নতুন নিয়োগের দাবি জানিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়ার্কশপ সুপারেনটেনডেন্ট মো. মোস্তফা হোসাইন বিডিনিউজকে জানান, “পুরাতন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন স্তরের প্রায় ৪৫ শতাংশ থেকে ৬০ শতাংশ শিক্ষক পদ শূন্য। অন্যদিকে প্রকল্পভূক্ত ২৯টি ইনস্টিটিউটে মোট শিক্ষক পদের ৭০ থেকে ৮০ শতাংশ শূন্য। একইভাবে সকল ইনস্টিটিউটে অসংখ্য টেকনিক্যাল স্টাফের পদও শূন্য।”
শিক্ষকদের অন্য দাবির মধ্যে রয়েছে- দ্বিতীয় শিফটের সম্মানী মূল বেতনের ১০০ শতাংশ হারে প্রদান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পভুক্ত সব পদ জনবলসহ রাজস্বভুক্ত করা ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২১১৫ ঘ.
bdnews24