চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আসাদগঞ্জে ইয়াবার চালান আটকের ঘটনায় গ্রেপ্তার চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার শুনানি পিছিয়েছে।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমেদ মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন।
ওই চার জন হলেন- ইয়াবা ব্যবসায়ী আবদুর রশীদ ওরফে রশীদ আহমেদ ওরফে খুলু, তার শ্যালক আতাউল করিম, কর্মচারী সাব্বির আহমেদ ও মোহাম্মদ ইসমাইল।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিপক্ষের আইনজীবী সময় চাওয়ায় বিচারক মঙ্গলবার রিমান্ড শুনানির নতুন দিন দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম গত শনিবার গ্রেপ্তার চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
গত শুক্রবার ভোরে নগরীর আসাদগঞ্জে বরইয়ের বস্তার ভেতর থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করে র্যাব-১ ও র্যাব-৭ এর সদস্যরা। পরে র্যাব-১ এর ডিএডি এম জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৩৭ ঘ.
bdnews24