২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের উত্তেজনার মধ্যে জাবিতে দায়িত্ব নিলেন অধ্যাপক আনোয়ার

নতুন উপাচার্যকে শুভেচ্ছা জানাতে আসা ছাত্রলীগের এক পক্ষ অন্য পক্ষকে প্রতিহত করার ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি স্লোগান শুরু করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি সামাল দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

জাবি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন। আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করার পর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। জাহাঙ্গীরনগরের ষোড়শ উপাচার্য হিসেবে অধ্যাপক আনোয়ার রোববার দুপুরের পর দায়িত্ব গ্রহণ করেন। নতুন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পদত্যাপী অধ্যাপক শরীফ এনামুল কবিরসহ কর্মকর্তা, কর্মচারী সমিতির নেতারা। ছাত্রলীগের দুটি অংশও শুভেচ্ছা জানাতে আসেন নতুন উপাচার্যকে। এক পক্ষকে প্রতিহত করতে অন্য পক্ষের ঘোষণা এবং দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে প্রশাসনিক ভবনে উত্তেজনা সৃষ্টি হয়। এই বছরের শুরুতে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের কর্মী জুবায়ের আহমেদ নিহত হওয়ার পর উপাচার্য শরীফের বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়। ছাত্রলীগের একটি অংশকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে শরীফ এনামুলের বিরুদ্ধে। অন্য অংশটি ক্যাম্পাসে ঢুকতে না পারলেও বিশ্ববিদ্যালয় কমিটির অধিকাংশই ওই দলে। তবে কমিটির কোন্দলের কারণে কমিটির কার্যক্রমে কেন্দ্রীয় কমিটির স্থগিতাদেশ রয়েছে। আরিফুল হক ও মাহমুদুর রহমান জনির নেতৃত্বে স্থগিত কমিটির নেতাকর্মীরা নতুন উপাচার্যকে শুভেচ্ছা জানাতে আসে। ‘শরীফ এনামুলপন্থী’ হিসেবে পরিচিতরা তাদের ঢুকতে না দেওয়ার ঘোষণা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হলে প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝে অবস্থান নেয়। এরপর স্থগিত কমিটির নেতাকর্মীরা নতুন উপাচার্যকে ফুল দিয়ে প্রশাসনিক ভবন ছাড়ে। স্থগিত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম শাফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন উপাচার্যকে বিতর্কিত করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে শরীফ এনামুল কবিরপন্থীরা সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।” অন্যদিকে ‘শরীফ এনামুলপন্থী’ হিসেবে পরিচিত এবং ক্যাম্পাসে অবস্থানকারী শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নই, বরং ওরাই (স্থগিত কমিটি) ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে।” ছাত্রলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে হলগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শুভেচ্ছা জানানোর পর্বের পর বেলা ৩টায় সিনেট হলে অধ্যাপক আনোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সমস্যা থাকতে পারে, তবে যৌথ আলোচনার মধ্য দিয়ে সমাধানে পৌঁছাব। বিশ্ববিদ্যালয় কোনো কর্পোরেশন নয়, এটি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান।” অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য হিসেবে মেনে নিতে শিক্ষকদের আপত্তি নজরে এসেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে সকলের বেদনাবোধ থাকা স্বাভাবিক। তবে আমার বিরুদ্ধে কারো অভিযোগ নেই।” বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইতোমধ্যে উপাচার্য পদে নতুন নিয়োগের পুনঃর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৫ ঘ.