২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষকদের তথ্যপ্রযুক্তির ভয় কাটিয়ে উঠতে হবে’

শিক্ষকদের তথ্য প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের তথ্য প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষকদের তৈরি ডিজিটাল কনটেন্ট ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিকল্প নেই। এ কারণে তথ্য প্রযুক্তির ভয় কাটিয়ে এর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, “আমিও বৃদ্ধ। আমি তথ্যপ্রযুক্তির ব্যবহার শিখেছি আমার ছেলের কাছ থেকে।” প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের তৈরি ডিজিটাল কনটেন্ট ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করেন। শিক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আগামীতে দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নাগরিক গড়ে তুলতে আপনাদের শিক্ষা দিয়ে যেতে হবে।” তথ্য প্রযুক্তির সুবিধা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। তাদের শিক্ষিত করতে পারলে- নিজেরাই নিজেদের জীবিকার পথ খুঁজে বের করতে পারবে।” শিক্ষা সহায়তা ট্রাস্টের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “অর্থের অভাবে আমাদের ছেলে-মেয়েরা পড়তে পারবে না- এটা হবে না।” এই প্রকল্পে সহায়তার জন্য ইউএনডিপি, বাংলালিংক এবং ইন্টেলকে ধন্যবাদ জানিয়ে বেসরকারি উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। তিনি বলেন, “আমাদের কাছে প্রচুর টাকা থাকলে শিক্ষাকে আমরা বিনা পয়সা করে দিতাম।” মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের সুবিধা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “চোখের সামনে দেখে শেখার সুবিধা অনেক। আমাদের ছেলে-মেয়েরা এতে করে দ্রুত শিখতে পারবে।” ভিডিও কনফরেন্সের মাধ্যমে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রিয়াজউদ্দিন পাইলট স্কুল থেকে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, যশোরের মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব এম এম গোলাম ফারুক, রংপুর টিচার্স ট্রেনিং কলেজ থেকে মাধ্যমিক স্তরে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও ডিজিটাল কনটেন্ট তৈরি প্রশিক্ষণ বিষয়ক আইসিটি প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ এ অনুষ্ঠানে যোগ দেন। মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয় এবং টুঙ্গীপাড়ায় জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে তাদের অনুভূতি জানতে চান। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে বলে, এই পদ্ধতি চালুর ফলে তাদের আর আগের মতো মুখস্ত করতে হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ এবং ওরাসকম টেলিকম অ্যান্ড হোল্ডিংসের গ্র“প সিইও আহমেদ আবু দোমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন একসেস টু ইনফরমেশন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। বাংলালিংকের পাশাপাশি অন্যান্য মোবাইল ফোন অপারেটরদেরও এ প্রকল্পের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান নজরুল ইসলাম খান। ওরাসকমের সিইও আহমেদ আবু দোমা প্রধানমন্ত্রীসহ সবাইকে ভাঙা ভাঙা বাংলায় শুভেচ্ছা জানিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা- আপনাকে অভিনন্দন। আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।” শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ইউএনডিপির কারিগরি সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন সাপোর্ট একসেস টু ইনফরমেশন প্রকল্প যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বাংলালিংক ও ইনটেল এ আয়োজনে সহযোগিতা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরআরডি/জেকে/১৬২৫ ঘ.