ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের মৃত্যুতে চিত্রশিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী চিত্রশিল্পে সফিউদ্দিনের অবদানের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা শিল্পীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
বাংলাদেশের ছাপচিত্রকলার পথিকৃত শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ (৯০) শনিবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।
পরিবারের সদস্যরা জানান, সফিউদ্দীন আহমেদ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর গত তিন দিন ধরে তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১১০৭ ঘ.
bdnews24