কুষ্টিয়া, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিক্রয় নিষিদ্ধ এক ট্রাক বই উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ঢাকা নিয়ে যাওয়ার পথে শহরের কোর্টপাড়া নারিকেলতলা এলাকা থেকে ট্রাকবোঝাই বইগুলো উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্রয়নিষিদ্ধ এসব বই কেনাবেচার অভিযোগে পুলিশ স্থানীয় সুজন পেপারস এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুস সালামকে আটক করেছে।
৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় পাঠ্যক্রমের এই বইগুলো ঢাকায় অনন্ত পেপার মিলে পাঠানো হচ্ছিল বলে ওসি জানান।
এ বিষয়ে কুষ্টিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগে আটক আব্দুস সালামের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১১৫ ঘ.
bdnews24