গাজীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-গাজীপুর সড়কে পালের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন তালুকদার হীরণ (২২) গাজীপুর সদর উপজেলার মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। আহত মামুন মিয়া (২১) তার সহপাঠী।
হীরণ গাজীপুর সদর উপজেলার দেশীপাড়া এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে এবং মামুন একই উপজেলার বাউপাড়া এলাকার সোলায়মানের ছেলে।
এমআইএসটি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা পৌনে ১টার দিকে হীরণ ও মামুন চান্দনা চৌরাস্তা থেকে মোটর সাইকেলযোগে ইনস্টিটিউটে আসার পথে পালের মাঠ এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে হীরণ ঘটনাস্থলেই নিহত হয় এবং মামুন গুরুতর আহত হয়। আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে হীরণের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১০৫ ঘ.
bdnews24