বরিশাল, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হন চার জন।
বরিশাল-ঢাকা সড়কে কটকস্থল বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনায় নিহত হন মো. রাসেল (২৩)। তিনি নগরীর কাউনিয়ার বিসিক শিল্প এলাকার আব্দুর রহিমের ছেলে। ভাড়া নিয়ে একটি মোটরসাইকেল চালাতেন।
আহতরা হলন রাসেল মিয়া (১৮), মো. সোহাগ (১৮), মো. আলাউদ্দিন (৪০) ও মো. নজরুল ইসলাম (২৭)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক থানার ওসি ফারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ১১টার দিকে কটকস্থল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে দুটি মটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে রাসেলের মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার এএসআই চম্পা বেগম বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০০৮ ঘ.
bdnews24