ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্জিত সুনাম ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদের দুর্নাম থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। জঙ্গিবাদ দমনে সক্ষমতার দেশ বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বে মডেল। আন্তর্জাতিকভাবে আমরা যে সম্মান পেয়েছি, তা ধরে রাখতে হবে।”
ঢাকার একটি পাঁচ তারা হোটেলে শনিবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিকের বার্ষিক সম্মেলন ও রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য-প্রযুক্তি খাতে সরকারের উদ্যোগের পাশাপাশি লায়ন্স ক্লাবকে সহযোগিতার আহ্বান জানান।
২০১১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াটে উন্নীতের প্রতিশ্রুতি রক্ষা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিদ্যুৎ সমস্যা, এটা সকলের মনের কথা। বিদ্যুতের উৎপাদন বাড়লেও চাহিদাও বেড়েছে। তবে, বিদ্যুৎ সমস্যা সমাধানে আমাদের আন্তরিকতার অভাব নেই।”
চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকার আমলে বিদ্যুৎ উৎপাদন হয়নি দাবি করে একেই এ খাতে সমস্যার জন্য দায়ী করেন শেখ হাসিনা।
দেশের খনিজ সম্পদ জনকল্যাণে কাজে লাগাতে সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করে তিনি বলেন, “গ্যাস তো আমাদের আছেই, একদিন তেলও পাব। সমুদ্রের বিশাল এলাকায় শুধু জলজ সম্পদই নয়, খনিজ সম্পদও আছে। সমুদ্রের তলদেশে তেল ও গ্যাস থাকতে পারে। তা জনগণের কল্যাণে লাগাতে হবে।”
অনুষ্ঠানে শেখ হাসিনাকে লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক সভাপতির পক্ষ থেকে ‘গ্লোবাল মেডেল ইন হিউম্যানিটি সার্ভিস’ পদক দেওয়া হয়। এছাড়া ২০০৫-০৬ এবং ২০১০-১১ সালের জন্য আলাদা দুটি পদক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
লায়ন্স ক্লাবস ইন্ট্যারন্যাশনাল ২০৬টি দেশে ৯৪ বছর ধরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
জাতিসংঘের দায়িত্বপ্রাপ্ত হয়ে ২০২০ সালের মধ্যে অন্ধত্ব দূর করতে বিশ্বব্যাপী কাজ করছে লায়ন্স ইন্টারন্যাশনাল। বাংলাদেশে এ কার্যক্রম পরিচালনা ছাড়াও নিজস্ব হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছে লায়ন্স ক্লাব।
জনকল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “দারিদ্র্য বিমোচনে আমরা যে পদক্ষেপ নিয়েছি, তাতে একযোগে কাজ করতে পারি।”
লায়ন্স চক্ষু হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করে এতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবায় লায়ন্স ক্লাবকে কমিউনিটি ক্লিনিক ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
অটিস্টিকসহ প্রতিবন্ধীদের অধিকার রক্ষার লায়ন্সকে এগিয়ে আসার পাশাপাশি স্কুল ফিডিং কর্মসূচি এবং মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
লায়ন্সদের এই সম্মেলনের সভাপতি এ কে এম রেজাউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরামউদ্দিন আহমেদ, সাবেক পরিচালক মোসলেম আলী খান ও শেখ কবির হোসেন।
প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ কে এম রেজাউল হককে পদক পড়িয়ে দেন এবং কাজী আকরামউদ্দিন আহমেদ, মোসলেম আলী খান ও শেখ কবির হোসেনসহ ১৭ জনের হাতে ক্রেস্ট তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৫৯ ঘ.
bdnews24