২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলরা কাশিমপুর কারাগারে

হরতালের মামলায় কারাবন্দি ১৮ দলীয় জোটের ৩০ জ্যেষ্ঠ নেতাকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা/গাজীপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় কারাবন্দি ১৮ দলীয় জোটের ৩০ জ্যেষ্ঠ নেতাকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। কারাগারের মহা পরিদর্শক মো. আশরাফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থান সঙ্কুলান না হওয়ায় তাদের কাশিমপুরে পাঠানো হয়েছে।” শুক্রবার বেলা ১টার পর দুই ধাপে এই নেতাদের কাশিমপুরে পাঠানো হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম জানান। ডিভিশন পাননি এমন ২৩ জনকে প্রথম ধাপে কাশিমপুর হাই-সিকিউরিটি প্রিজন সেলে নেওয়া হয়। তারা বেলা আড়াইটার দিকে সেলে পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই সেলের কারারক্ষক আবুল বাশার। আর হরতালে গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে ডিভিশনপ্রাপ্ত ১৪ নেতার মধ্যে সাত জনকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুটি ইউনিটে পাঠানো হয় দ্বিতীয় দফায়। ঢাকার কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম জানান, সাত নেতাকে দুটি ভ্যানে করে কাশিমপুরের দুই কারাগারে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একটি ভ্যানে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এলডিপির সভাপতি অলি আহমদ এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আর অন্য ভ্যানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন ও আ স ম হান্নান শাহ। দুটি ভ্যানই বিকাল সাড়ে ৫টার পর কাশিমপুরে পৌঁছায়। ‘কারাগারে ফখরুলের প্রতিবেশী নিজামী’ কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইউনিট-২ এর কারারক্ষক সুভাষ চন্দ্র সাহা আমাদের গাজীপুর প্রতিনিধি আবুল হোসেনকে জানান, মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের পাঁচ নেতাকে রাখা হয়েছে ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য নির্ধারিত ‘সুরমা’ ভবনে। ১৮ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান এবং তারেক রহমানের ব্যবসায়ীক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনও ‘বিশেষ বন্দি’ হিসাবে এই ভবনেই রয়েছেন। জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় বিচার চলছে। সুভাষ চন্দ্র জানান, দুই হাজার বন্দি ধারণ ক্ষমতার এ ইউনিটে বর্তমানে তিন হাজারেরও বেশি বন্দিকে রাখা হয়েছে। এদের মধ্যে ১১১ জন ফাঁসির আসামিও রয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইউনিট-১ এর তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির জানান, বিএনপি নেতা খোন্দকার মোশাররফ ও হান্নান শাহকে রাখা হয়েছে ডিভিশনপ্রাপ্ত বন্দিদের ভবন ‘চিত্রায়’। এই কারাগারে তারা সঙ্গী হিসাবে পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এ ইউনিটের ধারণ ক্ষমতা ৩০০ জন হলেও বর্তমানে দেড় হাজারের মতো বন্দিকে রাখা হয়েছে বলে জাহাঙ্গীর কবীর জানান। এদের মধ্যে ফাঁসির আসামি হলেন ৮৩ জন। হাই-সিকিউরিটি প্রিজন সেলে ২৩ জন ঢাকা কারাগার থেকে কাশিমপুর ‘হাই-সিকিউরিটি প্রিজন সেলে’ নেওয়া ২৩ বন্দির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলার আসমি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিএনপি নেতা কামরুজ্জামান রতন রয়েছেন। এছাড়া বৃহস্পতিবারের হরতালের সময় গ্রেপ্তার বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ তিন জনকেও হাই সিকিউরিটি সেলে রাখা হয়েছে। হরতালের মামলায় ডিভিশনপ্রাপ্ত বাকি সাত নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে বলে কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম জানান। এরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম। এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় একটি মামলা হয়, যাতে আসামি করা হয় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে। দ্রুত বিচার আইনের এ মামলায় ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এদের মধ্যে ৩৩ জন উচ্চ আদালতে আগাম জামিন চাইলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেন। সে অনুযায়ী বুধবার তারা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠান। এ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কামরুজ্জামান রতনকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/আরআরডি/জেকে/১৬২৫ ঘ.