ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের মরদেহ শনিবার ভোরে ঢাকা পৌঁছাবে। রোববার কুমিল্লার দেবীদ্বারে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুরস্ক থেকে একটি ফ্লাইটে ভোর সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে জাহাঙ্গীর আলমের মহদেহ। তার পরিবার এবং বাংলাদেশ ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা মরদেহ গ্রহণ করবেন।
বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে মারা যান বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। একটি কর্মশালায় অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। শনিবার তার দেশে ফেরার কথা ছিল।
আসাদুজ্জামান জানান, মরহুমের মরদেহ বিমানবন্দর থেকে মিন্টু রোডের ব্যাংক ভবনে নিয়ে আসা হবে। সেখানেই সকাল ৮টায় তার প্রথম জানাজা হবে।
এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে যাত্রাবাড়ীর দনিয়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে লাশ রাখা হবে বারডেমের হিমঘরে।
রোববার সকাল সাড়ে ১০টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে মরহুমের তৃতীয় জানাজা হবে। গভর্নরসহ জাহাঙ্গীর আলমের সহকর্মী ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা এতে অংশ নেবেন।
পরে জাহাঙ্গীর আলমের মরদেহ নিয়ে যাওয়া হবে কুমিল্লার দেবীদ্বারে তার গ্রামের বাড়িতে। সেখানে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিন সন্তানের জনক জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চ শিক্ষা শেষ করে ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
তিনি ১৯৫৬ সালের ১ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/জেকে/২২৫০ ঘ.
bdnews24