২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলে বাংলাদেশিদের উপর হামলা, আহত ৩২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতের মধ্যে একটি বাংলাদেশি ছিটমহলে জমি দখল নিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ অন্তত ৩২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

কুড়িগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতের মধ্যে একটি বাংলাদেশি ছিটমহলে জমি দখল নিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ অন্তত ৩২ জন আহত হয়েছে। মধ্য মশালডাঙ্গা ছিটমহলে বুধবার কয়েক দফায় এ হামলা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘরে ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। আহতদের মধ্যে ছয় জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ’র পক্ষে সাড়া দেওয়া হয়নি। মধ্য মশালডাঙ্গার নওসের আলী, শামসুল হক, আব্দুর রশীদসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে ছিটমহলের বাসিন্দা বাংলাদেশি নাগরিক নওসের আলীর ১৪ বিঘা পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে ভারতের নাজিরহাট অঞ্চলের প্রধান সুধীর বিশ্বাসসহ স্থানীয় কিছু ব্যক্তি। এ নিয়ে নওসের আলীকে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সালিশ বৈঠকের কথা বলে ডেকে কয়েকবার হুমকিও দেওয়া হয়। সর্বশেষ গত ২১ এপ্রিল আবারো ডাকলে তিনি যাননি। এর জের ধরে বুধবার সকালে সুধীর বিশ্বাস দলবল নিয়ে এ হামলা চালায়। এ ব্যাপারে তারা বাংলাদেশের ময়দাম বিজিবি ক্যাম্প এবং ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পে অভিযোগ দেন। ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গা বিওপির বিজিবি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন বলেন, ভারতের দিনহাটা মহকুমার নাজিরহাটের কিছু দুর্বৃত্ত ছিটমহলে ঢুকে ১৪ বিঘা জমি দখলের চেষ্টা চালায়। এ সময় ছিটমহলবাসীরা বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এক ঘণ্টাব্যাপী এ হামলা চলাকালে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বলেও তিনি স্বীকার করেন। কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ বলেন, বৃহস্পতিবার বিকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকে বসতে ভারতের সাহেবগঞ্জ বিএসএফ কোম্পানি কমান্ডার এফ টি বেদোলাকে চিঠি দেওয়া হয়েছে। এখনো চিঠির জবাব না দেওয়ায় ছিটমহলে এখন কী ঘটছে তা জানা সম্ভব হয়নি, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.