সিরাজগঞ্জ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়েদের উত্যক্ত করার ঘটনায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত আবু বক্কর সিদ্দিক (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিশিবয়ড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দুজন মারা গেল। পুলিশ এ ঘটনায় নিশিবয়ড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করেছে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় নিশিবয়ড়া গ্রামের বাবলু তালুকদারের বাড়িতে কয়েকটি মেয়ে গাছ থেকে লিচু পাড়ছিল। এ সময় সেখানে উত্তর চন্দনগাঁতী গ্রামের কয়েকজন বখাটে যুবক তাদের উত্যক্ত করে। এ নিয়ে নিশিবয়ড়া গ্রামের লোকজন বখাটে ছেলেদের মারপিট করে।”
“এরই জের ধরে বুধবার সকালে চন্দনগাঁতী গ্রামের লোকজন ধানকাটার জন্য নিশিবয়ড়া গ্রামের দিকে গেলে উভয় গ্রামের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।”
“আহতদের মধ্যে আব্দুল আওয়াল ও আবু বক্কারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ায় পথে আব্দুল আওয়াল মারা যায়। পরে শুক্রবার ভোরে আবু বক্কর সিদ্দিক মারা যায়।”
তিনি আরো জানান, আব্দুল আওয়াল নিহতের ঘটনায় ওইদিনই তার বাবা বাদি হত্যা মামলা দায়ের করে। শুক্রবার মারা যাওয়া আবু বক্কর সিদ্দিক এ মামলার আসামী ছিল। ময়নাতদন্ত শেষে লাশ সিরাজগঞ্জে আনা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৫৫২ ঘ.
bdnews24