রাজবাড়ী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের সদর উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় দুই কৃষক নিহত হয়েছেন।
এছাড়া রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর ভাঙ্গাপুল এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত ফারুক মিয়া (৩০) গ্রামীণ ব্যাংকের কিশোরগঞ্জ জেলা সদর শাখার সহকারী ব্যবস্থাপক। তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল গ্রামের বজলুর রহমানের ছেলে।
সদর থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত ফারুকের স্ত্রী হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অটোরিকশা করে হবিগঞ্জ আসছিলেন তিনি।
“সকাল ১০টার দিকে হবিগঞ্জ শহরতলীর ভাঙ্গাপুল এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন ফারুক।”
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি আটক করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী: শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকজন ট্রাকের ধাক্কায় রিকশা ভ্যানের যাত্রী দুই কৃষক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরো তিন কৃষক।
নরসিংদী জেলা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপর চৈতন্যা বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুর লালখারটেক গ্রামের কৃষক মিস্টার মিয়া (২৫) ও একই গ্রামের কৃষক বশির আহম্মেদ (১৮)।
সার্জেন্ট মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫/৬ জন কৃষক নিয়ে সকালে নিজ জমিতে ধান কাটতে যান মিস্টার মিয়া।
“ধান কেটে রিকশা ভ্যানে আঁটিবোঝাই করে বাড়ি নিয়ে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর ভৈরবগামী একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক ভ্যানটিকে চাপা দেয়। এসময় মিস্টার ও বশির নিহত হন।”
মুমূর্ষ অবস্থায় আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এরা হলেন, খাজা উদ্দিন (৩৫), মোজাম্মেল (১৯) ও মানিক মিয়া (৩৫)।
সার্জেন্ট মনিরুজ্জামান আরো জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে শিবপুর থানায় একটি মামলা হয়েছে।
রাজবাড়ী: গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার জানান, বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানেলঘাট এবং পাটুরিয়া ঘাটের অদূরে দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার আরাপপুর গ্রামের নওশের আলীর ছেলে চাঁদ মোহাম্মদ চান্দু (৪০) ও পিরোজপুরের পারেরবাড়ির রায়েরকাঠি গ্রামের সুধীর কুমার পালের ছেলে দিলীপ কুমার দাস।
ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানেলঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানের চাপায় চাঁদ মোহাম্মদ গুরুতর আহত হয়। তাকে দ্রুত গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শেষ রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপ ভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
তিনি আরো জানান, পাটুরিয়ার অদূরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দিলীপ কুমার দাসকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৫৪৩ ঘ.
bdnews24