ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার প্রকল্পের বাস্তবায়ন ও ভূমি অধিগ্রহণ সম্পর্কিত সমস্যাগুলো পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
আবুল কালাম আজাদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগে জায়গা দিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের জমি দেওয়ার কথাও বলেন সরকার প্রধান।
বৈঠকে বিস্তারিত পর্যালোচনার পর মুগদা, মান্ডা, মানিকনগর ও গোলাপবাগের চার কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ঢাকার সংসদ সদস্য রাশেদ খান মেনন, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান খান কামাল বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩২২ ঘ.
bdnews24