২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি বিরোধ: হামলায় নিহত ২

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে মামা-ভাগ্নের বিরোধের জের ধরে হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

নাটোর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে মামা-ভাগ্নের বিরোধের জের ধরে হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গোপালপুর মধ্যপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবু তালেব ও তার ভাগ্নে আব্দুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিন থেকে দুই বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবারও এই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক তর্ক-বিতর্ক হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভাগ্নে আব্দুর রাজ্জাক ২০-২৫ জন লোক নিয়ে ফালা হাসুয়াসহ মামা আবু তালেবের সমর্থক নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এতে নজরুল ইসলাম (৪১), আব্দুস সালাম (৪৫), আবু তালেব (৫০), আব্দুস সামাদ (৪০), সাধু (৩৮), ইউনুস আলী (৩০), নজরুলের মা মনোয়ারা বেগম (৭০) ও আব্দুল হামিদসহ (৪২) অন্তত ১০ জন গুরুতর জখম হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলাম ও আব্দুস সালাম মারা যায়। ঘটনার পর থেকে রাজ্জাক পলাতক রয়েছেন। আহত আবু তালেব জানান, ভাগ্নেকে হিসেব অনুযায়ী দুই বিঘা জমি দেওয়া হয়েছে। তারপরও একটি মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে রাজ্জাক। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, চাহিদা মতো এক দাগ থেকে দুই বিঘা জমি না দেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯১৫ ঘ.