ফেনী, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজীতে চুরির অভিযোগে গৃহকর্মী ও তার মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহকর্তাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের লাইমাঝি বাড়ির আব্দুল মালেক (৫৫), ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন (৪৭) ও সোনাগাছী সদর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মো. আওরঙ্গজেব।
সোনাগাজী সদর ইউনিয়নের চরলামছি গ্রামের লাইমাঝি বাড়ির আব্দুল মালেকের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন আম্বিয়া খাতুন। বুধবার সকালে ওই বাড়ি থেকে দুটি সোনার বালা চুরি করার অভিযোগে মালেক ও সঙ্গীরা আম্বিয়াকে একটি সুপারী গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারাত্মক জখম করে।
এ সময় আম্বিয়াকে বাঁচাতে এলে তার মেয়ে নাজমা আক্তারকেও বেঁধে পেটানো হয়।
খবর পেয়ে পুলিশ বিকাল ৫টার দিকে নির্যাতিত মা-মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় সোনাগাজী থানায় আম্বিয়া দশ জনকে আসামি করে মামলা করার পর বুধবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাগাজী থানার ওসি মো. নবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
নির্যাতনের শিকার মা ও মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮২২ ঘ.
bdnews24