২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো কঠোর হওয়ার ইঙ্গিত হাসিনার কণ্ঠে

বিএনপির দাবি নাকচ করে তত্ত্বাবধায়ক সরকারকে ‘দানব’ আখ্যা দিয়ে এ নিয়ে বিরোধী দলের আন্দোলন আরো কঠোর হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দাবি নাকচ করে তত্ত্বাবধায়ক সরকারকে ‘দানব’ আখ্যা দিয়ে এ নিয়ে বিরোধী দলের আন্দোলন আরো কঠোর হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তার কথা, দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকাররূপী ‘দানব’ আর দেখতে চায় না। হরতালের নামে যারা ‘নৈরাজ্য’ সৃষ্টি করছে, তাদের ‘সঠিক পথে’ আনার উপায় সরকারের জানা আছে, বিরোধী দলের প্রতি তার হুঁশিয়ারি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলকে সতর্ক করেন। ‘সমুদ্র বিজয়ে’ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে ক্রেস্ট এবং ফুলের তৈরি নৌকা তুলে দেন সংগঠনটির নেতারা, পরিয়ে দেন উত্তরীয়। ছাত্রলীগের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পৌঁছালে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, জাতীয় ফুটবলার জাহিদ হাসান এমিলি এবং এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এইচএসসি পরীক্ষার মধ্যে ১৮ দলীয় জোটের হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা গাড়ি পোড়াবেন, মানুষ মারবেন; এসব ধ্বংসাত্মক কাজ পরিহার করুন। আমরা সহ্য করছি বলে মনে করবেন না এটা আমাদের দুর্বলতা। এটা আমাদের দুর্বলতা নয়।” “যারা মানুষ হত্যা করে, তাদের কীভাবে সঠিক পথে আনতে হয়, তা আমাদের জানা আছে”, যোগ করেন শেখ হাসিনা। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় শীর্ষনেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডাকে বিএনপি। এজন্য এদিনের এইচএসসি পরীক্ষা পেছানো হয়। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে সংবিধান সংশোধনে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের রূপে আর দানব দেখতে চায় না। তত্ত্বাবধায়ক সরকার কিছুই দিতে পারেনি, দিয়েছে অপশাসন।” “বিশ্বের অন্যান্য দেশে যেভাবে গণতন্ত্র চলছে, বাংলাদেশেও সেভাবে চলবে,” বর্তমান পদ্ধতিতে দলীয় সরকারের অধীনেই নির্বাচনের কথা বলেন তিনি। সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের জন্য এই সংবর্ধনা নিয়ে প্রধানমন্ত্রী আগামীতে ভারতের সঙ্গেও একই ফলাফল আসবে বলে প্রত্যাশা করেন। পরবর্তী সরকারের আমলে এই রায় হবে জানিয়ে এজন্য আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার জন্যই দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয়। বাংলাদেশ অপশাসনের দেশে পরিণত হয়। তত্ত্বাবধায়ক সরকারও এই অপশাসন অব্যাহত রাখে।” বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাইরে থাকা শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার দিনটি স্মরণ করে বলেন, “বাংলাদেশের মানুষের কাছ থেকে আমি আমার বাবা-মার øেহ পেয়েছি। “প্রয়োজন হলে বাবার মতো রক্ত দিতেও প্রস্তুত আছি। দরকার হলে বাবার মতো বুকের রক্ত দিয়ে হলেও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব।” প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে সম্মেলন কেন্দ্রের বাইরের প্রাঙ্গণে বিশাল শামিয়ানা টানিয়ে তৈরি করা হয় অনুষ্ঠান মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী এই অনুষ্ঠানে যোগ দেয়। দুপুরে ছাত্রলীগের বিশাল মিছিলের কারণে মানিক মিয়া এভিনিউ থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় হরতালের মধ্যেও যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরে যে কোনো ত্যাগ স্বীকারে সংগঠনটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। ছাত্রলীগের দলীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গানের সঙ্গে নাচের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ‘নেত্রী তোমায় অভিনন্দন’ নামে একটি গানও পরিবেশন করে ছাত্রলীগের সদস্যরা। ছাত্রলীগের সভাপতি এ বি এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলম বক্তব্য রাখেন। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাহিদ হাসান এমিলির পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসা ইব্রাহিম। মুসা ছাত্রলীগ সদস্যদের উদ্দেশে বলেন, “আমার গর্ব আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার জন্ম স্বাধীন বাংলাদেশে। আপনাদের বঙ্গবন্ধুর মতো স্বপ্ন থাকতে হবে। বুকে স্বপ্ন ধারণ করলে শৃঙ্খলাবদ্ধ এবং কাজের প্রতি নিবেদিত হতে হবে এবং অবশ্যই সৎ হতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএমআর/এএল/জেকে/এমআই/২০৪১ ঘ.