২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর তামাক আইন ‘পিছিয়ে দিচ্ছে’ অর্থ মন্ত্রণালয়

“তারা রাজস্ব হারানোর ভয়ে আছে। প্রভাবশালীরা এটা তাদের বুঝিয়েছে,” অর্থ মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত করে বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 06:35 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেট অধিবেশনের পর সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন সংসদে পাস হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। আগামী জুন মাস জুড়ে বাজেট অধিবেশন চলবে এবং ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট সংসদে প্রস্তাব করবেন। স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী, বাজেটের পরবর্তী অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ আইন কঠোর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কারণে সংশোধিত আইন পাসের প্রক্রিয়া পিছিয়েছে স্বীকার করে ডা. রুহুল হক বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, “এটা অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে।” “তারা রাজস্ব হারানোর ভয়ে আছে। তামাক সমর্থক প্রভাবশালীরা এটা তাদের বুঝিয়েছে,” বলেন তিনি। ব্লুমবার্গ ফিলান্থ্রপি’র আর্থিক সহায়তায় তৈরি করা তামাকের অর্থনীতি বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এতে অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত দেখিয়েছেন, তামাকের ওপর বর্ধিত কর সরকারের রাজস্ব আয় বাড়াবে। এতে বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা তামাকের দেশ বাংলাদেশে তামাক সেবন কমে যাবে। সব ‘বাধা’ অতিক্রম করে এ আইন পাসের আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের কঠোর এই আইন কার্যকর করতে হবে।” গবেষণায় দেখা গেছে, ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সের ৪৩ শতাংশ বাংলাদেশি কোনো না কোনোভাবে তামাক সেবন করে থাকে। তামাক সেবনের অভ্যাস থেকে মানুষকে নিরুৎসাহিত করার লক্ষ্যে আইনকে আরো শক্তিশালী করার জন্য আড়াই বছর আগে ২০০৫ সালের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কাজ শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, গত বছর ১৯ ডিসেম্বরের মন্ত্রিপরিষদের বৈঠকে এই আইনের খসড়া উপস্থাপনের জন্য যখন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত তখন অর্থ মন্ত্রণালয় তা ফেরত চেয়ে পাঠায়; যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার কাছ থেকে সম্মতি পাওয়ার পরই স্বাস্থ্য মন্ত্রণালয় এই খসড়া চূড়ান্ত করে। তামাক নিয়ন্ত্রণে সংশোধিত আইনের খসড়ায় তামাক দ্রব্য হিসেবে জর্দ্দা, সাদা পাতা ও গুলের মত ধোঁয়াবিহীন তামাককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধূমপায়ীদের নিরুৎসাহিত করতে সিগারেটের মোড়কের ৫০ শতাংশজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী লাগানোর কথা বলা হয়েছে। শাস্তি হিসেবে আইন অমান্যকারী ব্যক্তির ক্ষেত্রে জরিমানা ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে এবং আইন লঙ্ঘনের জন্য কোম্পানির ক্ষেত্রে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/০০৩৩ ঘ.