২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস নেই, তাই ট্রেনে

জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 09:00 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেল স্টেশনের টিকেট কাউন্টারগুলোতে বেশ ভিড় দেখা যায়। টিকেটের জন্য দীর্ঘসময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিভিন্ন রুটের যাত্রীদের। টিকেটের অপেক্ষায় থাকা জামালপুরের বাসিন্দা জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের কারণে আজ ভিড় বেশি। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে আছি।” কমলাপুর থেকে নিয়মিত জামালপুর যাওয়া আসা করেন ব্যবসায়ী মো. সেলিম। তিনি বলেন, “হরতাল হওয়ায় অনেকেই বাসে যেতে পারছে না। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় ভিড় বেশি।” একই কথা জানান স্টেশনের খাবারের দোকান ‘ক্যাফেটেরিয়া’র স্বত্বাধীকারী মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, “সকালে আরো বেশি ভিড় ছিল। এখন একটু কম।” কমলাপুর রেল স্টেশনের মাস্টার খায়রুল বাশীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে নির্ধারিত সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।” এদিকে হরতালের কারণে দূরপাল্লার কোনো বাস বৃহস্পতিবার রাজধানী ছেড়ে যায়নি। রাজধানীর প্রধান সড়কগুলোতে কিছু বাস চলাচল করলেও সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। ফলে অনেককেই বাসের জন্য রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করতে দেখা গেছে। তবে রিকশা, সিএনজি অটোরিকশা ছাড়াও ব্যাক্তি মালিকানাধীন কিছু যানবাহন চলতে দেখা গেছে হরতালের মধ্যেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এফএফএস/কিউএইচ/১৪৫২ ঘ.