শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেষ্ঠ্য প্রতিবেদক
ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতাকেই কার্যকর কূটনীতির জন্য বড় রকমের বাধা বলে চিহ্নিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যান্য মন্ত্রণালয়ের অদূরদর্শিতার কারণে সৃষ্ট সংকট এড়াতে প্রধানমন্ত্রীর কাছে কার্যপ্রণালী বিধি এবং দায়িত্ব বণ্টনের পূর্ন প্রয়োগও চেয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করার সময় এ অনুরোধ জানান তারা।
প্রধানমন্ত্রীর সামনে ভবিষ্যৎ কূটনীতির চ্যালেঞ্জ শীর্ষক এক উপস্থাপনায় বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রায়ই দীর্ঘমেয়াদী ও জাতীয় অর্জনের চেয়ে স্বল্পমেয়াদী ও খাতভিত্তিক অর্জনের জন্য আলাপ আলোচনায় আগ্রহী থাকে যা সংকটের সৃষ্টি করে।
এতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রাধিকারগুলো নির্ধারণ করে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের অগ্রাধিকার মূল্যায়নে প্রায়ই ব্যর্থ হয় যাতে সংশয় সৃষ্টি হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো হল সহজ শর্তে আরো বেশী ঋণ পাওয়া, ঋণ মওকুফ এবং সময়মতো ঋণের অর্থ ছাড় পাওয়া।
চলতি অর্থবছরে প্রত্যাশিত বিদেশি সাহায্য না পাওয়ায় বাংলাদেশ বাজেট ঘাটতিসহ অন্যান্য সমস্যা মোকাবিলা করছে বলে জানান তারা।
আর বাণিজ্য কূটনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো হল, বিদেশি বাজারে প্রবেশাধিকার, উৎপাদন নিশ্চিত করা, পন্য ও বাজারের বহুমুখীকরণ এবং মেধাসত্ব অধিকারের ক্ষেত্রে ছাড় পাওয়া।
কর্মকর্তাদের উপস্থাপনায় দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়, আনক্লজ, জন কূটনীতি, কনসুলার, রাষ্ট্রাচার, প্রশাসন, আইসিটি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ইস্যু স্থান পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এসইউ/১৪৫০ ঘ.
bdnews24