২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অভিযোগে চুল কেটেছে নারীর

বরজের পান চুরির অভিযোগে বুধবার নড়াইল সদরে এক নারীকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে শালিসকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

নড়াইল, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরজের পান চুরির অভিযোগে বুধবার নড়াইল সদরে এক নারীকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে শালিসকারীরা। উপজেলার কলোড়া ইউনিয়নের বিড়গ্রামে নির্যাতিতা মিনু রায় (৪৫) ওই গ্রামের প্রয়াত কানাই রায়ের স্ত্রী। মিনুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে গ্রামের বিজন বাগচীর (৪০) বরজের পান চুরি হয়। এই চুরিতে জড়িত অভিযোগে বুধবার সকালে মিনুকে তার বাড়ি থেকে টেনে-হিঁচড়ে শালিসে নিয়ে যাওয়া হয়। শালিসে বাবলু মেম্বার ও বীড়গ্রামের শিখরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। শালিসের সিদ্ধান্ত- অনুযায়ী মিনু রায়কে মারধর এবং মাথার চুল কেটে দেওয়া হয়। এছাড়া ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়। পরে মিনুর দেবর সুকুমার বিশ্বাস তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মিনু রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরজের কর্মচারী নিতাই আমার হাত বেঁধে রেখে মাথার চুল কেটে দিয়েছে, সুজয় মাথায় চেয়ার দিয়ে মারিছে, বুকের উপর বাঁশ ডলা দিয়েছে। “আমি চুরি করিনি। আগে ওগে সাথে গন্ডগোল ছিলো, তাই আমারে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করিছে।” ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাজমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “শালিসের সংবাদ পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই এবং মিনু রায়কে আহত অবস্থায় উদ্ধার করি। ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক।” কলোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় মিনুকে আইনের আশ্রয় নিতে বলেছি। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলিমুজ্জামান সেতু বলেন, মহিলার আঘাত গুরুতর। পা, কোমর, মেরুদণ্ড ও মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে। নড়াইল সদর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি এখনো আমার জানা নেই। কেউ নিজেরা শালিস বসিয়ে শারীরিক শাস্তি দিতে পারে না। খোঁজ নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.