২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর আঙুল ও কান কেটে নিল বখাটে

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোর সদর উপজেলায় এক স্কুলছাত্রীর হাতের আঙ্গুল ও কান কেটে নিয়েছে বখাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

যশোর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোর সদর উপজেলায় এক স্কুলছাত্রীর হাতের আঙ্গুল ও কান কেটে নিয়েছে বখাটে। বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দেয়াড়া গ্রামে মেয়েটির উপর এই হামলা হয়। পুলিশ বখাটে ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে। মেয়েটি নারাঙ্গালী স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, গ্রামের তাহের মিয়ার ছেলে ইব্রাহিম (১৮) স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করত। কিন্তু এতে সাড়া না দেয়ায় ইব্রাহিম তার উপর ক্ষিপ্ত ছিল। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার পথরোধ করে দাঁড়ায় ইব্রাহিম। একপর্যায়ে ইব্রাহিম মারধর করে তাকে মাটিতে ফেলে দেয় এবং হাতে থাকা চাকু দিয়ে তার বাম হাতের চারটি আঙুল এবং ডান কান কেটে ফেলে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ইব্রাহিম পালিয়ে যায়। ওসি জানান, ইব্রাহিমকে বিকালেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নূর কুতুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়েটির শরীরিক অবস্থা খুবই খারাপ। তার বাম হাতের চারটি আঙুল ও ডান কান বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। মেয়েটির চাচী সাংবাদিকদের বলেন, প্রেমে রাজি না হওয়ার কারণেই মেয়েটিকে ইব্রাহিমের আক্রোশের শিকার হতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৪৪ ঘ.