চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভূইয়া ও সহকারী পরিচালক মাইন উদ্দিনের নেতৃত্বে নগরীর নাসিরাবাদে কর্ণফুলী শপিং কমপ্লেক্স ও রেয়াজুদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহায়তায় এ অভিযান চালানো হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্ণফুলী শপিং কমপ্লেক্সের পাঁচ দোকান থেকে দুইশ কেজি এবং গোলাম রসুল মার্কেটের তিন দোকান থেকে তিনশ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট দোকান মালিকদের বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে হাজির হয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রির বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬ (ক) অনুযায়ী পলিথিন ব্যাগ বা পলি ইথাইলিন বা পলিপ্রোপাইলিনে তৈরি ব্যাগ বা অন্যান্য সামগ্রী যা পরিবেশের জন্য ক্ষতিকর, তার উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এ অপরাধের জন্য দশ বছর সাশ্রম কারাদণ্ড বা অনধিক দশ লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২২০৯ ঘ.
bdnews24