২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: মুহিত

সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

সিলেট, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সিলেটে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার নতুন ট্রাফিক আইন প্রণয়ন করতে যাচ্ছে। তাতে ‘ঘাতকদের’ জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, দেশে আর কোনো নতুন মহাসড়ক হবে না। বিদ্যমান মহাসড়কগুলোকে দুই ও চার লেনে উন্নীত করা হবে। সড়ক দুর্ঘটনায় নিহত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইফতেখার হেগাসেন শামীম স্মরণে নগরীর রেজিস্টারি মাঠে নাগরিক শোকসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশন এ শোকসভা আয়োজন করে। সিটি মেয়র বদর উদ্দীন আহমদ কামরানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস, এম এ মান্নান ও সৈয়দা জেবুন্নেছা হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ উল্লাহ তালুকদার প্রমুখ। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রাজনীতিতে গুমের ঘটনা এ দেশে নতুন কিছু নয়। মুক্তিযুদ্ধের সময় থেকে এ সংস্কৃতি শুরু হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ আলোচিত যে কয়টি গুম-হত্যার ঘটনা ঘটেছে তা একই সূত্রে গাঁথা। “আমরা চাই ইলিয়াস আলী সুস্থ শরীরে ফিরে আসুক। তার এই ঘটনায় আমরা রাজনীতিবিদ হিসেবে সবাই ব্যথিত,” যোগ করেন সুরঞ্জিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৪ ঘ.