২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২০ বিএনপি নেতাকর্মী আটক

হরতালের সমর্থনে সিরাজগঞ্জে বুধবার বিএনপির মিছিলের সময় পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

সিরাজগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে সিরাজগঞ্জে বুধবার বিএনপির মিছিলের সময় পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এই ঘটনায় ছয় পুলিশসহ অন্তত ২৫ বিএনপি নেতাকর্মী আহত হয়। আটক করা হয় ২০ জনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৫টায় জেলা শহরের শিশুপার্কে সমাবেশ শেষে একটি মিছিল বের করে বিএনপি। মিছিলটি এস এস রোডের বড়বাজারে এলে বিএনপি নেতাকর্মীরা দুটি মাইক্রোবাস ভাংচুর এবং পুলিশ ও দোকানপাট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ অবস্থায় পুলিশ লাঠিপেটা করলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। ঘটনার পর থেকে শহরের বিভিন্ন মোড়ে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম সাংবাদিকদের বলেন, মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাংচুর করায় লাঠিপেটা করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এসময় ছয় পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর দাবি, পুলিশ পরিকল্পিতভাবে নেতাকর্মীদের লাঠিপেটা ও গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩০ ঘ.