২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাসে শিক্ষকদের কর্মসূচি স্থগিত

চাকরি সরকারি করার দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মন্ত্রীর সঙ্গে আলোচনার পর তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে চাকরি সরকারি করার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। টানা কয়েকদিন ঢাকায় থেকে আন্দোলনের পর বুধবার সন্ধ্যায় মন্ত্রী আফসারুল আমিনের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। বৈঠকের পর পরিষদের সদস্য সচিব আব্দুর রহমান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফলপ্রসূ আলোচনার পর এ সিদ্ধান্ত (কর্মসূচি স্থগিত) নেওয়া হয়েছে।” প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবং সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদারের সঙ্গে বৈঠক করেন শিক্ষকরা। “আগামী সাত দিনের মধ্যে শিক্ষকদের প্রতিনিধি নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আমাদের বিষয়টি পজিটিভলি দেখা হবে বলে তারা কথা দিয়েছেন,” বলেন এই শিক্ষক নেতা। পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, সাত দিনের মধ্যে দাবি মানা না হলে পরবর্তীতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আফসারুল আমীন সাংবাদিকদের বলেন, “শিক্ষকদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক রয়েছে। তবে আমাদের সাধ্যের বিষয়টিও বিবেচনায় আনতে হবে।” বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি সরকারিকরণের দাবিতে সোমবার থেকে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে শাহবাগে পুলিশের বাধায় পড়েন তারা। এসময় পুলিশের লাঠিপেটায় আহত হন কয়েকজন শিক্ষক। আহত শিক্ষক আজিজুর রহমান মঙ্গলবার ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়ে রাতে বাড়ি ফেরার পথে মারা যান। এরপর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিলে বুধবার বিকালে আলোচনার প্রস্তাব নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর মন্ত্রীর ব্যক্তিগত সহকারী রূপম কান্তি শীল সেখানে যান। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষক নেতারা। একই দাবিতে গত ২১ থেকে ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক। গত ১৫ ও ১৬ জানুয়ারি দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেন শিক্ষকরা। দাবি আদায়ে ১৭-১৯ জানুয়ারি কর্ম বিরতিও পালন করেন তারা। বর্তমানে সারাদেশ ২৪ হাজারের মতো বেসরকারি প্রাথমিক রেজিস্ট্রার্ড বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন প্রায় এক লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১২৫ ঘ.