২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কড়া পুলিশি প্রহরায় সমাবেশ

কড়া পুলিশি প্রহরায় দলীয় কার্যালয়ে সমাবেশ করলেও মিছিল করতে পারেনি চট্টগ্রাম মহানগর বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া পুলিশি প্রহরায় দলীয় কার্যালয়ে সমাবেশ করলেও মিছিল করতে পারেনি চট্টগ্রাম মহানগর বিএনপি। বুধবার বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অবশ্য এতে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবুু সুফিয়ানসহ সিনিয়র নেতাদের দেখা যায়নি। বিকেল ৪টার দিকে নগর বিএনপি’র সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গত রোববার চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দেওয়ার প্রতিবাদ জানান। তারা বলেন, নির্যাতন নিপীড়ন করে বিএনপিকর্মীদের দমিয়ে রাখা যাবে না। এ ছাড়া হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তারা। অন্যদের মধ্যে সাবেক সাংসদ রোজী কবীর, কেন্দ্রীয় নেতা এএম নাজিম উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, ছাত্রদল নেতা আহমেদুল আলম রাসেল প্রমুখ এতে বক্তব্য দেন। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০০৩ ঘ.