২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজ বোর্ড: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে নোয়াব

সংবাদপত্রের নতুন বেতন কাঠামো নির্ধারণে অষ্টম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর তার সঙ্গে দেখা করতে সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন সংবাদপত্র মালিকদের অন্যতম সংগঠন নোয়াবের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্রের নতুন বেতন কাঠামো নির্ধারণে অষ্টম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর তার সঙ্গে দেখা করতে সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন সংবাদপত্র মালিকদের অন্যতম সংগঠন নোয়াবের সদস্যরা। বুধবার সন্ধ্যা ৭টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিনিধি ও দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম। এর আগে মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্যরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী শিগগিরই অষ্টম ওয়েজ বোর্ড গঠনের আশ্বাস দেন। বৈঠকে শেখ হাসিনা বলেন, “এটা হয়ে যাবে। আমরা এটা করে দেব। ওয়েজ বোর্ড বাদ থাকবে কেন? আমরা তো সবই করে দিয়েছি। এটাও করে দেব।” এ সময় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, শুধু মালিকপক্ষের প্রতিনিধিদের নাম না পাওয়া যাওয়ায় বোর্ড ঘোষণা করা যাচ্ছে না। এসময় তিনি বলেন, নোয়াব নাম দিচ্ছে না। এসময় প্রধানমন্ত্রী বলেন, “মালিকপক্ষ নাম না দিলে আমরা দিয়ে দেব।” তথ্যমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নোয়াব প্রতিনিধি মাহবুবুল আলম। তিনি বলেন, “এই মুহূর্তে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সন্ধ্যার বৈঠকের পর এ বিষয়ে কথা বলা যাবে।” তথ্যমন্ত্রী এর আগে ফেব্রুয়ারি মাসেই অষ্টম ওয়েজ বোর্ড গঠনের আশ্বাস দিলেও তা না হওয়ায় আন্দোলনের ঘোষণা দেয় সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। এ দাবিতে আগামী ২৭ মে সাংবাদিক সংগঠনগুলোর তথ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা রয়েছে। সরকার ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সংবাদপত্রের সপ্তম ওয়েজ বোর্ড গঠন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৬০০ ঘ.