২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১১টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সহকারী সচিব খাইরুল বাশার। শুরুতেই মন্ত্রণালয়ের নিচ তলায় বঙ্গবন্ধুর বিদেশ সফরের বিভিন্ন আলোকচিত্র নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে ফখরুদ্দিন মেমোরিয়াল হলে বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা ছবি দেখেন তিনি। এরপর বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। পরে মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রণালয়ের পঞ্চম তলায় বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি উন্মোচন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কাজের খোঁজখবরও নেবেন তিনি। দুপুরে মন্ত্রণালয়ের বাগানে একটি চারা রোপন করে দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শেখ হাসিনা ১১ বছর আগে ২০০১ সালের মে মাসে সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরআরডি/জেকে/১২১০ ঘ.