২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগেটে পুড়ল বাটার গুদাম

রাজধানীর ফার্মগেটে বাটার দোকানে আগুন লেগে গুদামে রাখা বিপুল পরিমাণ জুতা পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অগ্নিনির্বাপক বাহিনীর দুই কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 03:34 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেটে বাটার দোকানে আগুন লেগে গুদামে রাখা বিপুল পরিমাণ জুতা পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অগ্নিনির্বাপক বাহিনীর দুই কর্মী। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে বাটার শোরুমের তৃতীয় তলায় আগুন লাগে বলে অগ্নিনির্বাপন বাহিনী জানিয়েছে। বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. নজিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিনির্বাপন বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে সকাল ৮টা বেজে যায়। ভোরের দিকেও তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জহির নামে এক ব্যক্তি জানান, মই বেয়ে ওই ভবনের তৃতীয় তলার ওঠার সময় অগ্নিনির্বাপক বাহিনীর দুই কর্মী নিচে পড়ে যান। নজিমুজ্জামান বলেন, আহত ফায়ারম্যান খবির ও মাজহারকে ফার্মগেটের আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিনির্বাপন বাহিনী আগুন লাগার কারণ জানাতে পারেনি। এই ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার জুতা পুড়ে গেছে বলে দাবি করেছেন বাটা কর্মকর্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৯২৫ ঘ.