২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি বরখাস্তের আদেশ স্থগিত

ফেনী সদরের সহকারী কমিশনারকে (ভূমি) লাঞ্ছিত করার ঘটনায় সদর থানার সাবেক ওসি নাজিম উদ্দিনকে বরখাস্তের আদেশে স্থগিতাদেশ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদরের সহকারী কমিশনারকে (ভূমি) লাঞ্ছিত করার ঘটনায় সদর থানার সাবেক ওসি নাজিম উদ্দিনকে বরখাস্তের আদেশে স্থগিতাদেশ এসেছে। নাজিম উদ্দিনের এক আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। সোমবার হাই কোর্টের একটি বেঞ্চ ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দিয়েছিলেন। পাশাপাশি ওই ঘটনা তদন্তে কমিটি করার নির্দেশও দেওয়া হয়েছিল। গত ৩ মে ফেনী মডেল থানার সামনে সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থপনা উচ্ছেদ করতে গেলে সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামকে লাঞ্ছিত করে পুলিশ। ওই ঘটনাটি সংবাদপত্রে প্রকাশিত হলে গত ৭ মে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট আবেদন করে। ওই রিট আবেদনেই ফেনী মডেল থানার তৎকালীন ওসি নাজিমকে বরখাস্তের আদেশ হয়। রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওসি নাজিম উদ্দিন কেবল বরখাস্তের আদেশের বিরুদ্ধে চেম্বার বিচাপতির আদালতে গিয়েছিলেন। চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশের ওই অংশটি কেবল স্থগিত করেছেন। রিট আবেদনের পরপরই হাই কোর্ট ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে তলব করে। একইসঙ্গে ঘটনা সম্পর্কে জানাতে ভূমি কমিশনারকেও আসতে বলা হয়। নির্দেশনা অনুসারে তারা সোমবার আদালতে হাজির হন। সেদিনই ওসিকে বরখাস্তের আদেশ দেয় হাই কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১৪২ ঘ.