২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে র‌্যাব পরিচয়ে ছিনতাই

গাজীপুর সদরে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

গাজীপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে র‌্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। চান্দনা চৌরাস্তা সংলগ্ন ইটাহাটা এলাকায় বুধবার সকালে হারিছ মিজি (৪৫) এই ছিনতাইয়ের শিকার হন। হারিছ স্থানীয় ইটাহাটা গ্রামের হাজী ইদ্রিস আলী মিজির ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হারিছ মিজি ব্র্যাক ব্যাংক ও প্রাইম ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখা থেকে সাত লাখ ৩৮ হাজার টাকা তুলে রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাশেম টেক্সটাইল মিলের সামনে একটি মাইক্রোবাস রিকশাটির গতিরোধ করে। কয়েকজন যুবক মাইক্রোবাস থেকে নেমে নিজেদের র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে তার হাতে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। পরে তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে সদরের মীরের বাজারে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। এসআই মিরান হোসেন আরো বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৮৫৬ ঘ.