যশোর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তি নিয়ে ক্যাম্পাসে ভাংচুরের পর যশোর পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্দেশ পেয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে চলে গেছে।
সোমবার দুপুরের এ ঘটনার জন্য কর্তৃপক্ষ ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ তা অস্বীকার করেছে।
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম বর্ষের শূন্য হওয়া পাঁচটি আসনে ভর্তির জন্য ছাত্রলীগের একটি গ্র“প পাঁচ জনের নাম দেয়। কিন্তু প্রশাসন নিয়মানুযায়ী মেধার ভিত্তিতে শূন্য আসনে ছাত্র ভর্তির উদ্যোগ নেয়।
এতে ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের ছাত্র এবং ছাত্রলীগ নেতা নূর ইসলাম নূরের নেতৃত্বে একদল যুবক রড, হকিস্টিক, লাঠিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন শ্রেণীকক্ষ, লাইব্রেরি ও ওয়ার্কশপে ভাঙচুর চালায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়।
এ সময় কয়েকজন শিক্ষক হামলাকারীদের হাতে লাঞ্ছিত হন বলেও তিনি দাবি করেন।
এ ঘটনার পর ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, বলেন শামসুল আলম।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়। এ ঘটনায় সংগঠনের কেউ জড়িত নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২৩৩৪ ঘ.
bdnews24