ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের ছয় জেলার জেলা প্রশাসকের (ডিসি) পদে সোমবার রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
এদের মধ্যে উপসচিব হিসেবে ডিসি পদে কর্মরত থাকা অবস্থায় গত ফেব্রুয়ারি মাসে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়া তিনজনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন দপ্তরে যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।
ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
যুগ্ম-সচিবদের মধ্যে ফেনীর জেলা প্রশাসক আব্দুল কুদ্দুস খানকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ‘অবৈধ মানব পাচার রোধ, অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ, অবৈধ ভিসা ট্রেডিং, রিক্রুটির এজেন্সীসহ ট্রাভেল এজেন্সীসমূহের অবৈধ ও অনৈতিক কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে গঠিত টাস্কফোর্স ও ভিজিলেন্স টিমের সদস্য এবং রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হককে ভূমি মন্ত্রণালয়ের ‘স্ট্রেংদেনিং এক্সেস টু ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রাইট ফল অল সিটিজেন্স’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
খুলনার জেলা প্রশাসক জমশের আহমেদ খন্দকারকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
মেহেরপুরের জেলা প্রশাসক শাহান আরা বানুকে বদলি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদে।
নতুন করে ডিসির দায়িত্ব পাওয়া উপসচিবদের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব হুমায়ুন কবির খন্দকারকে ফেনী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ সরকারকে পটুয়াখালী, পানি গবেষণা ও পরিকল্পনা প্রতিষ্ঠানের (ওয়ারপো) সচিব দেলোয়ার হোসেনকে মেহেরপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মোস্তফা কামালকে রাঙামাটি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব মেজবাহ উদ্দিনকে খুলনা এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) ফরিদ আহমেদকে রংপুরের জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আশীষ কুমার বড়–য়াকে বাংলাদেশ চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের নিয়ন্ত্রক এবং একই মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ হামিদা বেগমকে বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২৩১৪ ঘ.
bdnews24