ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীতিমালা প্রণয়নের দেড় বছর পর বাঘ ও হাতিসহ বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারকে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন।
২০১০ সালের ডিসেম্বরে ‘বন্যপ্রাণীর দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা’ প্রণয়ন করা হয়। এতে বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।
অনুষ্ঠানে বন্যপ্রাণীর আক্রমণে হতাহত ৪৮ ব্যক্তির পরিবারকে ৪২ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে নিহতদের পরিবারকে এক লাখ, গুরুতর আহতদের পরিবারকে ৫০ হাজার এবং আহত বা ক্ষতিগ্রস্ত পরিবার ২৫ থেকে ৩০ হাজার টাকা করে পেয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিগত ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দেশে বাঘের আক্রমণে ২৫৬ জন মানুষ মারা যায়। একই সময়ের মধ্যে ২৭টি বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
২০০৩ সাল থেকে ২০১১ সালের মধ্যে বন্যহাতির আক্রমণে মারা যায় ১৬২ জন। অন্যদিকে মানুষের হাতে মারা গেছে ৪২টি হাতি।
ক্ষতিপূরণ বিতরণ অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, “বর্তমান সরকারই প্রথম বন্যপ্রাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবার, আহত ও পঙ্গু ব্যক্তি এবং ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিবেশ সচিব মেছবাহ উল আলম, প্রধান বন সংরক্ষক ইউনূচ আলী ও বন সংরক্ষক তপন দে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০০৬ ঘ.
bdnews24