ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনক্ষণ উল্লেখ না করলেও ‘শিগগির’ মেঘনা ও দাউদকান্দি সেতুর সংস্কার কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার মন্ত্রণালয়ের নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, “সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুততার সঙ্গে এ দুটি সেতুর মেরামত কাজ করা হবে। এ জন্য ব্যয় হবে ২০ থেকে ২৫ কোটি টাকা, সময় লাগবে নয় দিন। মেরামতের সময় মেঘনা সেতু প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ রাখা হবে।”
বিকল্প রাস্তা ও ফেরির মাধ্যমে মেরামতের সময় গাড়ি পারাপার করা হবে বলেও জানান তিনি।
গত ২ মে মেঘনা ও দাউদকান্দি সেতু জরুরি ভিত্তিতে মেরামতের জন্য সেনাবাহিনীকে প্রস্তাব পাঠায় যোগাযোগ মন্ত্রণালয়। তবে কবে নাগাদ সেনা বাহিনী সংস্কার কাজ শুরু করবে তা এখনো জানা যায়নি।
তবে বর্ষা মৌসুম শেষ হলে অক্টোবরের দিকে সেতু দুটির নিচে মাটি-বালি দিয়ে ভরাট করার কাজ শুরু করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
‘স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি নয়’
পদ্মা সেতুর চুক্তি প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রী বলেন, মে মাসের শেষ নাগাদ পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়ার পর তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্বার্থ বিসর্জন করে কোন চুক্তি করা হবে না।
পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে বিকল্প পথ হিসেবে মালয়শিয়া এগিয়ে রয়েছে বলেও জানান তিনি।
পদ্মা সেতুর কাজ শুরুর জন্য গত মাসে মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে সরকার।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে। ফলে এ প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ অন্য দাতা সংস্থাগুলোর অর্থায়নও আটকে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯৩৭ ঘ.
bdnews24