২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের বিরুদ্ধে র‌্যাবের মামলা: তদন্ত শেষ হয়নি

লিমনের বিরুদ্ধে র‌্যাবের মামলার তদন্ত কাজ এখনো শেষ করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঝালকাঠী, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিমনের বিরুদ্ধে র‌্যাবের মামলার তদন্ত কাজ এখনো শেষ করতে পারেনি পুলিশ। সোমবার ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান এ মামলার নতুন তারিখ ধার্য করেন আগামী ৮ জুলাই। লিমনের আইনজীবী মানিক আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ এখনো আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আবারো মামলার নতুন তারিখ পড়েছে। সকালে কৃত্রিম পায়ে হেঁটে মা হেনোআরা বেগমসহ আদালতে হাজিরা দিতে আসেন লিমন। আদালত প্রাঙ্গণে লিমন সাংবাদিকদের বলেন, মামলায় বারবার তাকে হয়রানি হতে হচ্ছে। এ মামলায় এ নিয়ে তিনি সাতবার আদালতে হাজিরা দিয়েছেন। র‌্যাবের দেয়া এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান লিমন। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন হোসেন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযদ্ধে একটি পা হারান। এ ঘটনায় র‌্যাব লিমনকে সন্ত্রাসী উল্লেখ করে রাজাপুর থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দু’টি মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮৪২ ঘ.