কিশোরগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের নিক্ষেপ করা ফুটন্ত পানিতে পাঁচজন দগ্ধ হয়েছেন।
সোমবার বিকেল ৩টার দিকে মিঠামইন সদর উপজেলার সরকার হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মিঠামইন থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই ওই গ্রামের যাদব চন্দ্র দাস ও মনোরঞ্জন দাসের মধ্যে বিরোধ চলছিল। সোমবার কথা কাটাকাটির এক পর্যায়ে যাদব ও তার লোকজনের নিক্ষেপ করা ফুটন্ত পানিতে মনোরঞ্জনসহ পাঁচজনের শরীর কমবেশি ঝলসে যায়।
এ ঘটনায় দায়ের করা মামলায় যাদবকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
দগ্ধ অন্যরা হলেন- কডু চন্দ্র দাস (৬০), তার স্ত্রী প্রেমলতা দাস (৫৫), ছেলে বিশ্বচন্দ্র দাস (৩২) ও মনোরঞ্জনের স্ত্রী শিউলী দাস (৩০)।
আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশ্বচন্দ্র দাসকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৫৭ ঘ.
bdnews24