ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী সদরের সহকারী কমিশনারকে (ভূমি) লাঞ্ছিত করার ঘটনায় সদর থানার তৎকালীন ওসি নাজিম উদ্দিনকে বরখাস্ত করতে বলেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শককে তা বাস্তবায়ন করতে হবে।
এছাড়া ওই ঘটনা তদন্তে আইন সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছে আদালত। তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, এমন দুই কর্মকর্তাকে রাখতে বলা হয়েছে কমিটিতে।
এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে। এ বিষয়টি নিয়ে আদালত আবার বসবে আগামী ১০ জুলাই।
আদেশের পরে আদালত ওই কোর্টের সহাকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামানকে ডেকে বলেন, “আপনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিকাল ৪টার মধ্যে বরখাস্তের আদেশ কার্যকর করতে বলবেন।”
গত ৩ মে ফেনী মডেল থানার সামনে সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থপনা উচ্ছেদ করতে গেলে সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম পুলিশের হাতে লাঞ্ছিত হন। ওই অভিযোগ পত্রিকায় প্রকাশিত হলে গত ৭ মে বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট আবেদন করে।
ওইদিন প্রাথমিক শুনানি করে আদালত রুল জারির পাশাপাশি ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে তলব করে। একইসঙ্গে ঘটনা সম্পর্কে জানাতে ভূমি কমিশনারকেও আসতে বলা হয়। নির্দেশনা অনুসারে সংশ্লিষ্টরা সোমবার আদালতে হাজির হন।
আদালতে রিটকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ, চার পুলিশের পক্ষে আব্দুর রব চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল মতিন খসরু শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৪০ ঘ.
bdnews24