২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্ধেক ধান না পেয়ে বর্গাচাষির আত্মহত্যা’

বর্গা চাষের অর্ধেক ধান না পেয়ে চাঁদপুর সদরে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

আল ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চাঁদপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্গা চাষের অর্ধেক ধান না পেয়ে চাঁদপুর সদরে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। রোববার দুপুরে নিজ বাড়ির সামনে একটি গাছ থেকে কৃষক সোনা মিয়ার (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বাখরপুর গ্রামের প্রয়াত ওয়াদ আলী জমাদারের ছেলে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সোনা মিয়াকে গাছে ঝুলন্ত দেখতে পেয়ে পরিবারের সদস্যরা এলাকার লোকজনকে খবর দেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। সোনা মিয়ার প্রতিবেশী আব্বাস উদ্দিন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, স্থানীয় নাসির চৌকিদার ও ইসমাইল মিজির মধ্যে একটি জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। এ বছর ইসমাইল মিজির কাছ থেকে জমিটি বর্গা নিয়ে ধান চাষ করেন সোনা মিয়া। এজন্য বিভিন্ন ব্যক্তি ও এনজিও’র কাছ থেকে ঋণও নেন সোনা মিয়া। গত ক’দিন ধরে সোনা মিয়া জমিতে ধান কেটে মাড়াই করেন। আব্বাস আরো বলেন, শনিবার বিকালে ইউপি চেয়ারম্যানের নির্দেশে নাসির চৌকিদার এবং গ্রাম পুলিশ আমির হোসেন গাজী, লোকমান, আবুল ও রব গাজী কয়েকটি ভ্যানে সোনা মিয়ার ওই ধানের ১৬টি বস্তা জোরপূর্বক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। আব্বাস জানান, ওই সময় ১৬ বস্তার মধ্যে আট বস্তা ধান দাবি করে সোনা মিয়া চেয়ারম্যানের লোকজনকে উদ্দেশে বলেন- “আমি আমার ফলানো ধানের অর্ধেক না পেলে আত্মহত্যা করব।” সোনা মিয়ার স্ত্রী হাফসা বেগম (৪৫) বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ খান এবং নাসির চৌকিদারকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ব্যাপারে চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউসুফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জমি থেকে কাউকে ধান নিয়ে আসার নির্দেশ দেইনি। গত চারদিন ধরে আমি ঢাকায় অবস্থান করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪৪ ঘ.