ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
রাজধানীর মগবাজারে পত্রিকাটির কার্যালয়ে রোববার দুপুর ২টা থেকে প্রায় সোয়া এক ঘণ্টা তল্লাশি চলে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশানর সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলাতক আসামি খুঁজতে এই তল্লাশি চালানো হয়।
তবে ওই আসামি কে, তা বলতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা। ওই কার্যালয় থেকে কাউকে আটকও করা হয়নি।
সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেজাউল করিম নামে এক ব্যক্তিকে খোঁজার কথা বলে ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য অফিসের কক্ষে কক্ষে তল্লাশি চালায়।”
তবে রেজাউল করিম নামে কেউ সংগ্রামে কর্মরত নয় বলে জানান তিনি।
তল্লাশির সময় কার্যালয়ে ছিলেন না সাংবাদিক নেতা রুহুল আমিন। তবে অন্যদের কাছে এ বিষয়ে বিস্তারিত শুনেছেন বলে জানান তিনি।
পুলিশের তল্লাশিতে ক্ষোভ প্রকাশ করেন রুহুল আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৪১ ঘ.
bdnews24