সাভার, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় শনিবার সংঘর্ষের সময় পুলিশের অস্ত্র লুট ও এক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, পুলিশকে মারধর করে অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাত পরিচয় সাড়ে চার হাজার শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা করেছেন শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের সহকারী উপ-পরিদর্শক বাবুল মিয়া।
আর পুলিশের ধাওয়ায় ট্রাক চাপায় নিহত পোশাক শ্রমিক কামরুন্নাহার গোলাপীর স্বামী আব্দুর করিম অজ্ঞাত পরিচয় ট্রাকচালককে আসামি করে আরেকটি মামলা করেছেন।
রোববার আশুলিয়া থানায় এ দুটি মামলা নথিভুক্ত করা হলেও শনিবারের তারিখ দেওয়া হয়েছে।
এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় হা-মীম গ্রুপের প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের এক শ্রমিককে গত বৃহস্পতিবার পুলিশে দেয় কর্তৃপক্ষ। থানায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।
সালমান শামীম খান নামের ওই শ্রমিককে গুম করা হয়েছে এমন গুজবে শনিবার সকালে শ্রমিক অসন্তোষ শুরু হয় আশুলিয়ায়। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে প্রায় বিপুল সংখ্যক গাড়ি ভাংচুর করে এবং আর্টিস্টিক ডিজাইনে হামলা চালায়।
সংঘর্ষ চলাকালে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়ি চাপায় নিহত হন ওপেক্স সোয়েটার লিমিটেডের শ্রমিক কামরুন্নাহার গোলাপী
সংঘর্ষের সময় পুলিশের একটি শটগান খোয়া যাওয়ার পর রোববার গুমাইল এলাকা থেকে সেটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে ওসি মোস্তফা কামাল জানান।
রোবাবার সকালেও শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শতাধিক লোক আহত হন।
সকালে সংঘর্ষ শুরুর পরপরই পুলিশি নিরাপত্তার মধ্যে সালমানকে আর্টিস্টিক কারখানায় শ্রমিকদের সামনে হাজির করা হয়। পরে তাকে থানায় সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একটি মহল সালমানের মৃত্যুর গুজব ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৮৩০ ঘ.
bdnews24